মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে,
কুষ্টিয়ার ভেড়ামারায় অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।
বাংলাদেশ পুলিশের উদ্যোগে ভেড়ামারা থানা আয়োজিত এ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় উপজেলার সোনার বাংলা মুড়ির মেল সংলগ্ন মাঠে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।
চ্যাম্পিয়নশিপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান। এ সময় ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম রকিবসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়নশিপে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের পক্ষ থেকে একটি কাবাডি দল অংশগ্রহণ করে। দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে উপস্থিত ছিলেন।
মোকারিমপুর ইউনিয়নের কাবাডি দলটি ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলীর দিকনির্দেশনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কুষ্টিয়া জেলার সদস্য ও ভেড়ামারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডা. শাকিল আহমেদের তত্ত্বাবধানে চ্যাম্পিয়নশিপে অংশ নেয়।
এ সময় কৃষক নেতা ডা. শাকিল আহমেদ বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। কাবাডির মতো দেশীয় খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাঠমুখী করা গেলে অপরাধ প্রবণতা কমানোর পাশাপাশি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
তিনি এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, অভিভাবক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আয়োজক ভেড়ামারা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হচ্ছে।