ধামরাই (ঢাকা): আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩১৭ এর মাননীয় সংসদ সদস্য সুলতানা আহাম্মেদ এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় ঢাকা জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিরা অংশ নেন।
সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, টহল পুলিশ জোরদার করা এবং জরুরি প্রয়োজনে স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রাখার বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন