৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ চৌদ্দগ্রামে ইউএনও-ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময়

আগামী ৫ সেপ্টেম্বর শনিবার গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হবে। লংমার্চকে কেন্দ্র করে চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন ও চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইনের সঙ্গে পৃথক মতবিনিময় করেছেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।
বুধবার অনুষ্ঠিত এসব মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, খেলাফত মজলিসের উপজেলা আমীর মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা মোস্তফা, এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামসহ বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে বুধবার দুপুরে লংমার্চ সফল করতে খেলাফত মজলিস ও এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ সভা করেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং নিত্যপণ্যের দাম কমানোর ক্ষেত্রে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বরং দিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে মেধার মূল্যায়ন না করে দলীয় নেতাকর্মীদের দায়িত্ব দেওয়ার অভিযোগও করেন তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে দেশের জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে লংমার্চের মাধ্যমে সরকারকে এসব দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হবে।
লংমার্চ উপলক্ষে চৌদ্দগ্রামের মিয়াবাজারে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানানো হবে। পরে জনদাবির পক্ষে রাজপথে অবস্থান কর্মসূচি এবং চৌদ্দগ্রাম বাজারে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের। এছাড়া বিরোধী দলের উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


















