আল-আকসা প্রাঙ্গণে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইহুদিদের প্রকাশ্যে প্রার্থনা

জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত টেম্পল মাউন্ট, মুসলিমদের কাছে হারাম আল-শরিফ ও আল-আকসা মসজিদ প্রাঙ্গণ হিসেবে পরিচিত। ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কোত উপলক্ষে রোববার সেখানে প্রায় এক হাজার ইহুদি প্রবেশ করেন। তাদের মধ্যে কট্টর ডানপন্থী এক সংসদ সদস্যও ছিলেন। এ সময় প্রাঙ্গণের ভেতরে ও বাইরে বেশ কয়েকজনকে প্রকাশ্যে প্রার্থনা করতে দেখা গেছে।ইহুদি ধর্মাবলম্বীদের কাছে টেম্পল মাউন্ট অত্যন্ত পবিত্র স্থান। প্রাচীনকালে এখানে তাদের দুটি পবিত্র উপাসনালয় বা মন্দির ছিল বলে বিশ্বাস করা হয়। অন্যদিকে মুসলিমদের কাছে স্থানটি নোবেল স্যাংচুয়ারি বা হারাম আল-শরিফ নামে পরিচিত এবং এখানেই আল-আকসা মসজিদ অবস্থিত।দীর্ঘদিনের ‘স্ট্যাটাস কো’ বা প্রচলিত ব্যবস্থায় টেম্পল মাউন্টের সার্বিক নিরাপত্তা ইসরায়েলের হাতে থাকলেও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে ইসলামি ওয়াকফ। প্রচলিত নিয়ম অনুযায়ী, সেখানে ইহুদিদের প্রার্থনা করার অনুমতি নেই। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই বিধিনিষেধ কার্যকর করার ক্ষেত্রে পরিবর্তন দেখা গেছে।ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির, যিনি দেশটির পুলিশের দায়িত্বে রয়েছেন, একাধিকবার টেম্পল মাউন্টে ইহুদিদের প্রার্থনার অনুমতি দেওয়ার কথা বলেছেন। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর বিপরীতে প্রচলিত ‘স্ট্যাটাস কো’ বহাল থাকার কথা বলে আসছেন।টেম্পল মাউন্টে ইহুদিদের উপস্থিতি জোরদারে কাজ করা সংগঠন বেইয়াদেনুর দাবি, সুক্কোত উপলক্ষে রোববার শত শত উপাসক সেখানে সমবেত হন। তারা গান গেয়ে উৎসব উদযাপনের পাশাপাশি সুক্কোতের ধর্মীয় রীতিতে ব্যবহৃত চার ধরনের উদ্ভিদ—খেজুরপাতা, উইলো, মার্টল ও সিট্রন বা লেবুজাতীয় ফল—হাতে নিয়ে প্রার্থনা করেন। সংগঠনটির পক্ষ থেকে সেখানে কাউকে আটকের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে।অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে জেরুজালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টের বাইরের রাস্তায় বড় দলে ইহুদিদের প্রার্থনা করতে দেখা যায়। অন্য কিছু ভিডিওতে প্রাঙ্গণের ভেতরেও তাদের প্রকাশ্যে প্রার্থনা করতে দেখা গেছে।বেন গাভিরের কট্টর ডানপন্থী দল ওতজমা ইয়েহুদিতের সংসদ সদস্য ইতজাক ক্রোইজারও টেম্পল মাউন্টে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি জানান, সুক্কোত উদযাপন ও প্রার্থনার পাশাপাশি হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার দুই বছর পূর্তি উপলক্ষে তিনি সেখানে গিয়েছিলেন।ক্রোইজার বলেন, শত্রুদের কাছে ইসরায়েলি জনগণের শক্তি প্রমাণের এই দিনে জেরুজালেম ও টেম্পল মাউন্টে ইসরায়েলিদের উপস্থিতি এবং সার্বভৌমত্ব আরও জোরদার করা গুরুত্বপূর্ণ।এর আগে চলতি মাসের শুরুতেও ইহুদিদের ধর্মীয় উৎসব রোশ হাশানাহ ও ইয়ম কিপ্পুর উপলক্ষে শত শত ইহুদি টেম্পল মাউন্টে প্রবেশ করে প্রকাশ্যে প্রার্থনা করেছিলেন। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।




















