মূল বিষয়গুলো নিয়েই বিভক্তি, অধরাই থাকছে জলবায়ু চুক্তি

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ গতকাল শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও খসড়া চুক্তি থেকে বেশ কিছু বিষয় বাদ পড়ায় চুক্তি চূড়ান্ত করার বিষয়টি এখনো আলোচনার টেবিলেই রয়ে গেছে। নতুন খসড়া চুক্তি অনুসারে কার্বন নিঃসরণ কমানোর কোনো উচ্চাভিলাষী সিদ্ধান্তের সম্ভাবনা এখন ক্ষীণ। অর্থায়নের বিষয়গুলোতেও জটিলতা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার ‘আন্তালিয়া ঘোষণা’ নামে কপ৩১ সম্মেলনের খসড়া চুক্তি প্রকাশের পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। গতকাল শুক্রবার আলোচনা করেও তার সুরাহা হয়নি। এমনকি চুক্তিটিকে চূড়ান্ত রূপ দিতে তুরস্কের শতাব্দীপ্রাচীন ‘দেওয়ান’ ঐতিহ্য অনুসরণ করে সমাধানের চেষ্টা চালানো হয়। যদিও আলোচনায় এরই মধ্যে আয়োজক তুরস্ক বিপুল বিনিয়োগ চুক্তির বার্তা নিয়ে সম্মেলন শেষ করার উদ্যোগ নিয়েছে। তবে বহুকাঙ্ক্ষিত জলবায়ু চুক্তি এখনো অধরা বলে মনে হচ্ছে। ১৯০টির বেশি দেশের প্রতিনিধিরা মূল বিষয়গুলোতে বিভক্ত। এর মধ্যে আছে উষ্ণ বিশ্বের প্রভাব মোকাবিলায় দরিদ্রতম ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তার জন্য জলবায়ু অর্থায়ন।
কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম খসড়া চুক্তিটিকে কয়েকদিনের নিবিড় আলোচনার ফল বলেছেন। তিনি এর নাম দিয়েছেন ‘আন্তালিয়া ঘোষণা’। কুরুম ও সহসভাপতি ক্রিস বোয়েন খসড়াকে ‘চলমান কাজ’ বলে রক্ষা করেছেন। কুরুম আরও বলেছেন, কার্বন ক্যাপচার একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। তার মতে, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণে দেশগুলো আগের কপগুলোতেই সম্মত হয়েছে।
গত ৯ নভেম্বর ভূমধ্যসাগরীয় শহর আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ শুরু হয়। তুরস্ক জানিয়েছে, এ পর্যন্ত তারা মোট ২ হাজার ৬০০ কোটি (২৬ বিলিয়ন) ডলারের বেশি মূল্যের চুক্তি ও পরিকল্পনা চূড়ান্ত করেছে। এর মধ্যে আছে চীনের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি ডলারের একটি প্রাথমিক চুক্তি এবং উন্নয়ন ব্যাংকগুলোর সঙ্গে ৫১০ কোটি ডলারের অর্থায়ন সমঝোতা। সৌদি আরব ও কানাডার সঙ্গেও সমঝোতা হয়েছে।
খসড়ায় কী আছে, কী নেই: গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কপ৩১-এর সহ-আয়োজক অস্ট্রেলিয়া চুক্তির দ্বিতীয় খসড়া প্রকাশ করে। এতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সব কথাবার্তা বাদ পড়েছে। আগের খসড়ায় ছিল জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধে ত্বরান্বিত পদক্ষেপের প্রস্তাব। নয় পৃষ্ঠার নতুন নথি থেকে কয়লা, তেল ও গ্যাসের কথা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। ১৬ নভেম্বরের প্রথম খসড়ায় ১৮ পৃষ্ঠায় ১৪৪টি অনুচ্ছেদ ছিল। এখন তা কমে ৯ পৃষ্ঠায় ৮০টি অনুচ্ছেদে নেমেছে। ব্রাজিলের নেতৃত্বে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের একটি স্বেচ্ছাসেবী রোডম্যাপ তৈরি হচ্ছে। সেটির স্বীকৃতিও নতুন খসড়ায় নেই।
অর্থায়নের ক্ষেত্রেও পিছু হটেছে আয়োজকরা। চুক্তির ৪০ থেকে ৫৬ অনুচ্ছেদে অর্থায়ন বিষয়ের ধারাগুলোর উল্লেখ রয়েছে। ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ১২ হাজার কোটি ডলার অভিযোজন তহবিলের প্রস্তাব বাদ পড়েছে। তার বদলে অভিযোজন অর্থায়ন তিনগুণ করার বিষয়ে আরও আলোচনার কথা বলা হয়েছে। এ ব্যাপারে ‘আন্তালিয়া থেকে আদ্দিস আবাবা রোডম্যাপ’ চালুর কথা আছে। খসড়া চুক্তির ৪০নং ধারায় ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত তিনগুণ করার প্রচেষ্টার কথা বলা হয়েছে। তবে এখানে কোনো অঙ্ক বলা হয়নি। পরের ধারায় মূলধনের উচ্চ খরচ, সীমিত রাজস্ব সক্ষমতা ও ঋণের বোঝার মতো বাধা দূর করার কথা বলা হয়েছে। ৪২-এ অভিযোজনের জন্য পর্যাপ্ত, অনুমানযোগ্য, সরকারি, অনুদানভিত্তিক ও অত্যন্ত ছাড়ের অর্থায়নের জরুরি প্রয়োজন, বিশেষ করে স্বল্পোন্নত দেশ (এলডিসি) ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের (সিডস) জন্য প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানি নিয়ে দুটি বিকল্প ছিল। একটিতে কপ২৮-এর ২৮ অনুচ্ছেদ পুনর্ব্যক্ত করা হয়েছিল, অন্যটিতে ‘অবিলম্বে উত্তরণসহ’ ত্বরান্বিত পর্যায়ক্রমে বন্ধের আহ্বান ছিল।
এ ছাড়া জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ নিয়ে ব্রাজিলের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী রোডম্যাপের স্বীকৃতি নেই।
চুক্তির ৬১-৬৪ ধারায় সীমান্তপারের নেতিবাচক প্রভাব আছে এমন একতরফা পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জলবায়ু ও বাণিজ্য সংলাপ চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তবে প্রথম খসড়ায় উন্নত দেশগুলোকে ২০২৭ সালের শেষ নাগাদ এসব পদক্ষেপ বন্ধ করার আহ্বান ছিল। এখন সেখানে শুধু উদ্বেগ প্রকাশ ও সংলাপের কথা আছে।
তবে তুরস্কের নিজের একটি প্রস্তাব খসড়ায় রয়েছে। তা হলো ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করা। তবে এই প্রস্তাবে বলা নেই, বিদ্যুৎ কোন উৎস থেকে আসবে। আর খসড়ায় কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন ও স্টোরেজকে (সিসিইউএস) প্রধান কৌশল হিসেবে সামনে আনা হয়েছে।
অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী বোয়েন গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, ঐকমত্য সুস্পষ্ট না হওয়া পর্যন্ত আলোচনা চলবে। তার মতে, কপ৩১ হবে প্রথম জলবায়ু সম্মেলন, যেখানে স্বীকার করা হবে যে, ১১ বছর আগে প্যারিস চুক্তিতে ঠিক করা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য বিশ্ব পূরণ করতে পারবে না।
আইপিসিসির সপ্তম মূল্যায়ন প্রতিবেদন প্রকাশের সময় নিয়েও টানাপোড়েন চলছে। ইউরোপ, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েক ডজন দেশ চায় ২০২৮ সালের বৈশ্বিক পর্যালোচনার আগে প্রতিবেদন প্রকাশ হোক। সৌদি আরব, ভারতসহ অল্প কয়েকটি দেশ তা ২০২৯ সাল পর্যন্ত পিছিয়ে দিতে চায়। সৌদি আরব বলেছে, তারা জলবায়ুবিজ্ঞান বিলম্বিত করতে চায় না। এ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেয়নি।
বাংলাদেশের অবস্থান: স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জোট ২০৩৫ সালের আগে বছরে ১২ হাজার কোটি ডলারের অভিযোজন অর্থায়ন তিনগুণ করার দাবি জানিয়ে আসছে। বাংলাদেশ এ দাবির পক্ষে। দেশটি উন্নত দেশগুলোকে প্রতিশ্রুত অর্থ দিতে এবং অনুদানভিত্তিক সহায়তা বাড়াতে বলেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, কপ৩১-এ বাংলাদেশ পর্যাপ্ত অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের ওপর জোর দিয়েছে। বাংলাদেশ, ভুটান ও নেপাল এলডিসি থেকে উত্তরণের পরও অনুদানভিত্তিক ও অনুমানযোগ্য জলবায়ু অর্থায়ন চেয়েছে। এখন খসড়া থেকে ১২ হাজার কোটি ডলারের লক্ষ্য বাদ পড়ায় এ দাবি বড় ধাক্কা খেল।
এমন পরিস্থিতিতে আলোচনার সময় বাড়তে পারে। তবে সময় বাড়া নতুন কিছু নয়। কপ২৮ পরের দিন পর্যন্ত চলেছিল, কপ২৯ দুদিন দেরিতে শেষ হয়েছিল এবং কপ৩০-ও নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছিল।























