রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ, নতুন মাইলফলকে বাংলাদেশ

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে যুক্ত হলো নতুন মাইলফলক। জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হওয়ার পর প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এসময়ে সরবরাহকৃত বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।সাফল্য কেবল বিদ্যুৎ উৎপাদনের পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়, রুশ বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে দেশের নিজস্ব কর্মকর্তা, প্রকৌশলী ও পরিচালনাকারীরা যে দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছেন, তা ভবিষ্যতে নিজস্ব জনবলে কেন্দ্র পরিচালনার ভিত্তিকে শক্তিশালী করেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আরশাদ মোমেন এই অর্জনকে জ্বালানি নিরাপত্তার পথে বড় অগ্রগতি উল্লেখ করে বলেন, দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে গ্রিডে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে লোডশেডিং কমার পাশাপাশি শিল্পের উৎপাদন বাড়বে এবং গ্যাসভিত্তিক কেন্দ্রের চাপ কমবে। ছোট দেশে সৌরবিদ্যুতের সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজস্ব কারিগরি সক্ষমতা বাড়ানো ও প্রশিক্ষণে বিনিয়োগের ওপর জোর দেন।বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আখতার হোসেন বলেন, বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে যখন কর্মঘণ্টা এক ঘণ্টা কমানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তখন রূপপুরের বিদ্যুৎ গ্রিডে আসা স্বস্তির খবর। রুশ পরিচালনাকারী সংস্থা সিআরইএ-এর বিশেষজ্ঞদের সঙ্গে মিলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) জনবল যে পেশাদারত্ব দেখিয়েছে, তা প্রশংসনীয়। পর্যায়ক্রমে উৎপাদন বৃদ্ধি ও দ্বিতীয় ইউনিট চালু হলে বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, অত্যন্ত সংবেদনশীল ও জটিল এই কারিগরি প্রক্রিয়ায় গ্রিড সমন্বয় ও স্থিতিশীল উৎপাদন বজায় রাখতে শৃঙ্খলা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন দেশীয় পরিচালনাকারীরা। এনপিসিবিএলের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট এস এম মাহমুদ আরাফাত জানান, দীর্ঘ প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার আলোকে আন্তর্জাতিক নিরাপত্তা মানদন্ড বজায় রেখে গ্রিড সিনক্রোনাইজেশনের মতো জটিল কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।প্রকল্প সংশ্লিষ্টদের মতে, এক সময় যে পারমাণবিক প্রযুক্তি ছিল সম্পূর্ণ নতুন, আন্তর্জাতিক সহযোগিতা ও দেশীয় জনবলের সমন্বিত প্রচেষ্টায় আজ তা বাস্তব রূপ পাচ্ছে, যা জ্বালানি খাতে বাংলাদেশের আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।



















