চন্দ্রগঞ্জে প্রধান শিক্ষক কামালের বিরুদ্ধে শিক্ষক নিগ্রহ ও উত্ত্যক্তের অভিযোগ

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণ, নানা দুর্নীতি, শিক্ষককে লাঞ্ছনা এবং শিক্ষিকাকে উত্যক্ত করার গুরুতর অভিযোগ উঠেছে। ২০১৮ সালে এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে এসব অপকর্মের অভিযোগ জমে উঠছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক কামাল হোসেন সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণেই ‘মিশু’ নামের এক সহকারী শিক্ষকের গায়ে হাত তোলেন। এছাড়া ‘সুমাইয়া আক্তার বৃষ্টি’ নামের এক নারী শিক্ষককে নানাভাবে উত্যক্ত ও যৌন হয়রানি করার মতো স্পর্শকাতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর এমন আচরণে ক্ষুব্ধ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহল।
এসব অভিযোগের বিষয়ে কথা বলতে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কামাল হোসেন ক্ষিপ্ত হয়ে বলেন, “আমি ঢাকায় হাসপাতালে আছি। আপনি আমাকে ফোন দিয়েছেন কেন, নাম্বার কোথায় পেলেন?” কোনো প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর না দিয়ে সাংবাদিকদের হুমকি দিয়ে তিনি ফোন কেটে দেন।
বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিতর্কিত এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।























