কমলনগরে মুসার বাপের সমাজে সড়ক ধস: হাজার মানুষের দুর্ভোগ, দ্রুত পরিদর্শনের আশ্বাস ইউএনওর

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৩ নং চর লরেন্স ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ‘মুসার বাপের সমাজ’ এলাকার প্রধান সড়কের বেহাল দশা সৃষ্টি হয়েছে। মেঘনা নদীর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে রাস্তার পাশের খালের প্রবাহ তীব্র হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কটির একাংশ ধসে পড়েছে। ফলে প্রতিদিন চলাচলকারী হাজার হাজার স্থানীয় বাসিন্দা, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন এই রাস্তা দিয়ে এলাকার সাধারণ মানুষসহ কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। বিকল্প কোনো সুব্যবস্থা না থাকায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। অতিদ্রুত সড়কটি সংস্কার করা না হলে পুরো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
এ বিষয়ে সাংবাদিক কবির হোসেন রাকিব কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “সাংবাদিক কবির হোসেন রাকিবের মাধ্যমে আমি বিষয়টি অবগত হয়েছি। সড়কটির বর্তমান পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে আমি খুব শীঘ্রই সরেজমিনে গিয়ে স্থানটি পরিদর্শন করব এবং প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।”
এলাকাবাসীর দাবি, জনগণের সীমাহীন দুর্ভোগ লাঘবে যেন দ্রুততম সময়ের মধ্যে বাঁধ ও সড়ক পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়।

























