কেরানীগঞ্জের উন্নয়ন চলতেই থাকবে” চর সোনাকান্দায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা-২ আসনের সংসদ সদস্য – আমান উল্লাহ আমান

আজ ১৩ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে চরসোনাকান্দা প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন-৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ।
পদ্মা এক্সপ্রেস বনাম ধলেশ্বরী সুপার কিংস এর মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হয় । নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ম্যাচটি টাই ব্রেকারে গড়ায় । পদ্মা এক্সপ্রেসকে ৩-২ গোলে পরাজিত করে ধলেশ্বরী সুপার কিংস সিজন-৪ এর চ্যাম্পিয়ন হয় । উক্ত ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে পুরস্কার বিতরণী ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় । রোহিতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাদবরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা- ২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহ-সভাপতি কামাল মাহমুদ, রোহিতপুর ইউনিয়ন সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ৯ নং ওয়ার্ড সভাপতি নুরু মিয়া । এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
এলাকাবাসীর পক্ষে অনুষ্ঠানের সভাপতি নজরুল ইসলাম মাদবরের দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি জনাব আমান উল্লাহ আমান অবহেলিত জনপদ চর সোনাকান্দায় একটি খেলার মাঠ, একটি কবরস্থান ও চর সোনাকান্দা পশ্চিম পাড়া জামে মসজিদ উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পর্যায়ক্রমে কেরানীগঞ্জের প্রতিটি ইউনিয়নে এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরি করা হবে । তরুণেরা খেলাধুলা করলে মাদকাসক্ত ও বিপথগামী হবে না । এ সময় তিনি বলেন, কেরানীগঞ্জের উন্নয়ন চলতেই থাকবে । অবসর বসে না থেকে দেশ গড়ার কাজে সবাইকে তিনি সম্পৃক্ত হতে উদাত্ত আহবান জানান । অনুষ্ঠান শেষে তিনি চর সোনাকান্দায় একটি শাখা রাস্তা উদ্বোধন করেন । প্রধান অতিথির আগমনে চর সোনাকান্দার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে । এলাকাবাসীর সাথে আলাপ করে জানা যায় ইতিপূর্বে জনাব আমান উল্লাহ আমান উক্ত অবহেলিত জনপদের একমাত্র প্রাথমিক বিদ্যালয় ও রাস্তাটি করে দিয়েছিলেন ।

















