বাগাতিপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোরের বাগাতিপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার মালঞ্চী রেলগেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিহারকোল মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে সকাল ১১টার দিকে মালঞ্চী রেলগেটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়। বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেনের নেতৃত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
বক্তব্যে তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্যেও আপস করেননি। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যখনই দুর্দশা, জুলুম-নির্যাতন ও গণতান্ত্রিক সংকটের মুখোমুখি হয়েছে, তখনই বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখেছে। এ সময় তিনি বিএনপির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পথসভায় আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেকবার হোসেন, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাহতাব উদ্দিন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তারিক আজিজ, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।




















