কালকিনিতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কানুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘মাদক ও সন্ত্রাসকে না বলুন’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সভায় ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি খাসেরহাট বাজার ও আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মামুন তালুকদার ও সাবেক শ্রমিক দল সভাপতি মোঃ নেয়ামত সিকদার। অনুষ্ঠানে খাশেরহাট তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআইসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গ্রাম পর্যায় থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা জরুরি। সমাজ থেকে সব ধরনের অপকর্ম উৎখাত না হওয়া পর্যন্ত এই সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান।






















