ঢাকার আশুলিয়ার কাঠগড়া বড়বাড়ী পুকুরপাড় এলাকায় সাংবাদিক রাজু আহমেদের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে পালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হন সাংবাদিক রাজু আহমেদ। তার স্ত্রীও এশিয়ান টেলিভিশনে কর্মরত থাকায় দিনের বেলায় বাসাটি ফাঁকা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা বাসার মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ও ড্রয়ারের তালা ভেঙে পুরো বাসা তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
রাতে বাসায় ফিরে রাজু আহমেদ ঘরের তালা ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তিনি দেখতে পান, বাসা থেকে প্রায় আড়াই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের ব্রেসলেট, একটি ডায়মন্ডের মালা, ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রির নগদ ১ লাখ ৩০ হাজার টাকা এবং আরও কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়েছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।