নেত্রকোণার পূর্বধলায় নিখোঁজ হওয়ার পর পুকুরের পানিতে ভাসমান অবস্থায় আব্দুল হামিদ (৭৩) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি তিনি। সোমবার সকালে স্থানীয় একটি পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
নিহত আব্দুল হামিদ উপজেলার ঔটি বহুলী মধ্যপাড়া গ্রামের মৃত সদর শেখের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল হামিদ গতকাল রাত ১০টার দিকে ব্যক্তিগত কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বহুলী বাজারের দিকে রওনা হন। রাতে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, হয়তো বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল খেলা দেখছেন। পরদিন সকালে আতিক মিয়া নামের এক প্রতিবেশী নাদিম মিয়ার পুকুরের পানিতে একটি লাশ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে দ্রুত বাড়ি ফিরে তার বাবাকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেন এবং আব্দুল হামিদের পরিচয় নিশ্চিত করেন। খবর পেয়ে নিহতের ছেলে জজ মিয়া স্থানীয়দের সহযোগিতায় মরদেহ বাড়িতে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও এসআই ফয়সাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।